নিরাপত্তা অগ্রাধিকার দিয়ে আইসিসির সাড়া চাইল বিসিবি
নিরাপত্তা অগ্রাধিকার দিয়ে আইসিসির সাড়া চাইল বিসিবি
![]() |
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার এক জরুরি সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে টুর্নামেন্টের আয়োজক সংস্থা হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে স্থানান্তরের অনুরোধ জানিয়েছে বিসিবি। এই বিষয়ে আইসিসির দ্রুত সাড়া এবং সহমর্মিতা প্রত্যাশা করছে বোর্ড।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের একটি জরুরি সভা আজ (৪ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়। সভায় ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘পর্ষদ গত ২৪ ঘণ্টার মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করে এবং ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে বাংলাদেশের জাতীয় দলের অংশগ্রহণ ঘিরে সৃষ্ট সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। বর্তমান পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়ন, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান অবস্থায় বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্টে অংশ নিতে ভারতে ভ্রমণ করবে না।’
এই সিদ্ধান্তের আলোকে বিসিবি জানায়, ‘এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, টুর্নামেন্টের কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অনুরোধ জানিয়েছে, বাংলাদেশের সব ম্যাচ যেন ভারতের বাইরে কোনো ভেন্যুতে স্থানান্তর করার বিষয়টি বিবেচনা করা হয়।’
বিসিবির মতে, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তাই এই সিদ্ধান্তের মূল কারণ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পর্ষদের বিশ্বাস, এই পদক্ষেপটি বাংলাদেশের খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, বোর্ড সদস্য এবং অন্যান্য সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে এবং দলকে একটি নিরাপদ ও উপযুক্ত পরিবেশে টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দিতে অত্যন্ত জরুরি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশা করছে, আইসিসি পরিস্থিতিটি যথাযথভাবে অনুধাবন করবে এবং এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে।’
এদিকে, গতকাল মুস্তাফিজুর রহমানকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার পর ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা নতুন মাত্রা পায়। মুস্তাফিজকে দলে রাখাকে কেন্দ্র করে উগ্রপন্থীদের চাপের মুখে পড়ে কলকাতা ফ্র্যাঞ্চাইজি। পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বলে জানা গেছে।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। সূচি অনুযায়ী, প্রথম দিনেই কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা।

Post a Comment